প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:০১ AM

সংগৃহীত ছবি
গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল ও হামাস একমত হয়েছে এবং এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।
তিনি আরও জানান, শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী সামাজিক মাধ্যমে বলেন, আজ রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। এতে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত হবে।
তিনি বলেন, চুক্তির বিস্তারিত পরে ঘোষণা করা হবে।
এর আগে ট্রাম্প বলেন, আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে এবং তিনি চলতি সপ্তাহের শেষের দিকে মধ্যপ্রাচ্যে সফরে যেতে পারেন।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমি সম্ভবত রবিবার সেখানে যেতে পারি।
বুধবার আলোচনার তৃতীয় দিনে কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মিশরের শার্ম আল-শেখে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় যোগ দেন। মধ্যস্থতাকারীরা ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের বিষয়ে উভয় পক্ষের মতপার্থক্য দূর করতে কাজ করেছেন।
উল্লেখ্য, পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।