প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:২৩ AM

সংগৃহীত ছবি
দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকের শাপলার পরিবর্তে ভিন্ন নকশায় আঁকা সাতটি শাপলার নমুনা নির্বাচন কমিশনের (ইসি) কাছে উপস্থাপন করেছে দলটি।
গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ইসির কাছে জমা দেওয়া শাপলার সাতটি নমুনা প্রকাশ করে এনসিপি।
এর আগে ৩০ সেপ্টেম্বর ইসি একটি চিঠিতে শাপলা বাদে ৫০টি প্রতীকের তালিকা থেকে নতুন প্রতীক বেছে নিতে এনসিপিকে নির্দেশ দেয়। এর জবাবে মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপি ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেয় এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ জানায়। পরে ৩ আগস্ট কমিশনের কাছে দেওয়া চিঠিতে পছন্দের ক্রমে ১. শাপলা, ২. সাদা শাপলা ও ৩. লাল শাপলা প্রতীক হিসেবে প্রস্তাব করা হয়।
চিঠিতে আরও বলা হয়, শাপলাকে প্রতীক হিসেবে দৃশ্যমান করার ক্ষেত্রে ভিন্ন নকশা বা আংশিক পরিবর্তিত (ডিসটর্টেড) সংস্করণ গ্রহণের বিষয়ে এনসিপি সবসময় আলোচনায় প্রস্তুত ছিল। এ কারণেই পরবর্তী বৈঠকগুলোতে জাতীয় প্রতীকের শাপলার বিকল্প হিসেবে আঁকা সাতটি ভিন্ন ভার্সনের শাপলার নমুনা ইসির কাছে উপস্থাপন করা হয়।
চিঠিতে শাপলার সাতটি নমুনাচিত্র সংযুক্ত করে দলটি বলে, উপস্থাপিত নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নকশা নিয়ে আলোচনায় আমরা আগ্রহী।
এছাড়া, ২৪ সেপ্টেম্বর এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিধিমালা সংশোধন করে শাপলাকে প্রতীক তালিকাভুক্ত করার আবেদন জানায়। তবে দলটির দাবি, ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বরের ওই দুটি আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে।
চিঠিতে এনসিপি উল্লেখ করে, অতীতের আবেদন নিষ্পত্তির আগে ইসির ৩০ সেপ্টেম্বরের চিঠি প্রেরণ বিধিসম্মত নয় বলে আমরা মনে করি।
দলটি আরও জানায়, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীককে ঘিরে আমাদের গভীর সম্পর্ক তৈরি হয়েছে। শাপলা এনসিপির নেতাকর্মী ও দেশের জনগণের মধ্যে আবেগপূর্ণ বন্ধন সৃষ্টি করেছে। তাই জনগণের ভালোবাসাকে উপেক্ষা করে অন্য কোনো প্রতীক গ্রহণ আমাদের পক্ষে সম্ভব নয়।