প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ AM

সংগৃহীত ছবি
দুই বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ গাজা যুদ্ধ অবসানের পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে সমঝোতায় পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে।
মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি সরকারে এই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন চাইবেন। তার ভাষায়, “এটি ইসরায়েলের জন্য এক ঐতিহাসিক দিন।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। এখনও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।