
সংগৃহীত ছবি
দিনের শুরু যেন আলোকিত ও বরকতময় হয় এ কামনা প্রতিটি মুসলমানের হৃদয়ে। কারণ সকাল হলো নতুন আশার সূচনা, আর সেই সূচনাকে আল্লাহর স্মরণ ও ইবাদতের মাধ্যমে শুরু করলে সারাদিনের কাজেও মেলে প্রশান্তি, প্রাচুর্য ও কল্যাণ। ইসলাম আমাদের শিখিয়েছে এমন কিছু আমল, যা সকালেই সম্পাদন করলে সারা দিন জুড়ে আল্লাহর রহমত ও সুরক্ষা লাভ করা যায়।
আয়াতুল কুরসি
পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি ‘আয়াতুল কুরসি’ নামে পরিচিত। নবী করিম (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে, সে বিকেল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আর যে বিকেলে পাঠ করবে, সে সকাল পর্যন্ত থাকবে আল্লাহর আশ্রয়ে।
তিন কুল পাঠ
রাসুলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি সকাল ও বিকেলে তিনবার করে ‘সুরা ইখলাস’, ‘সুরা ফালাক’ এবং ‘সুরা নাস’ পাঠ করবে, এগুলো তার সবকিছুর জন্য যথেষ্ট হবে।” (তিরমিজি ৩/১৮২)
ইস্তিগফার
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছেই তওবা করছি।
প্রতিদিন ১০০ বার ইস্তিগফার পাঠ করলে আত্মা পবিত্র হয়, মন প্রশান্ত হয় এবং জীবনে আসে বরকত। (বুখারি ৬৩০৭; মুসলিম ২৭০২)
ফজরের পরের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি‘আন, ওয়া রিজকান ত্বায়্যিবান, ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবন মাজাহ ৯২৫)
তাসবিহের দোয়া
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ইউহ্যি ওয়াইউমীতু, ওয়াহুয়া আলা কুল্লি শাই’ইন ক্বাদির।
অর্থ: একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তার কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা একমাত্র তাঁরই। তিনিই জীবন দান করেন ও মৃত্যু দেন, এবং সবকিছুর উপর ক্ষমতাবান।
প্রতিদিন সকালে এটি ১০ বার পাঠ করলে জীবনে শান্তি ও সাফল্য আসে। (তিরমিজি ৩৪৭৪)
ভোরবেলার দোয়া
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ... (পূর্ণ দোয়া পাঠ করা হয় তিনবার)
অর্থ: হে আল্লাহ! আমার শরীর, শ্রবণ ও দৃষ্টিশক্তিকে নিরাপদ রাখুন। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি, দারিদ্র্য ও কবরের আজাব থেকে। (আবু দাউদ ৫০৯২)
আশার দোয়া
حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম।
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা রাখি, আর তিনিই মহান আরশের মালিক।
সকাল ও বিকেলে সাতবার করে এই দোয়া পাঠ করলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাঁর জন্য যথেষ্ট হয়ে যান। (আবু দাউদ)