প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:২০ AM

সংগৃহীত ছবি
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও গবেষণায় ছিলেন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রস্তাবিত নীতিমালা ও সংস্কার ধারণাগুলো ছিল সময়োপযোগী ও বাস্তবসম্মত।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় খাতের একজন খ্যাতনামা গবেষক ও লেখক ছিলেন। তিনি সারা জীবন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় নিবেদিত ছিলেন। স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে তার প্রায় ২০টি গ্রন্থ এবং অসংখ্য প্রবন্ধ দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারিয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক তোফায়েল আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান।
তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় অধ্যাপক তোফায়েল আহমেদকে। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে এবং তিনি ফুসফুসের সংক্রমণেও ভুগছিলেন। বুধবার বিকেলে রিং পরানোর জন্য অস্ত্রোপচারে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।