প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৬ AM

দীর্ঘ বিরতির পর আবারও স্বামীর কবর জিয়ারতে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাত বছর পর তিনি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান খালেদা জিয়া। সেখানে গাড়িতেই বসে কিছুক্ষণ সময় কাটান তিনি। দোয়া-মোনাজাত শেষে রাত সাড়ে ১২টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’-য় ফিরে আসেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। উপস্থিত ছিলেন প্রয়াত মেজর (অব.) সাঈদ এসকান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, এবং পরিবারের অন্য সদস্যরা।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এ এফ এম সিদ্দিকী, ডা. জাফর আহমেদসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম, “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, এডভোকেট মেহেদুল ইসলাম ও প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “রাতে ম্যাডাম ইচ্ছা প্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।”
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়া কারাগারে যান। তার কিছুদিন আগে সর্বশেষ তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ