প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:১৯ AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চৌধুরী জাতীয় নির্বাচনের সময় গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সমাপনী বক্তব্যে তিনি বলেন, অধিকাংশ দল ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে। তবে গণভোটের তফসিল ঘোষণার আগে হাতে মাত্র ১ থেকে দেড় মাস সময় রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এত কম সময়ে কি গণভোট আয়োজন করা সম্ভব? কোনো প্রয়োজনীয়তা আছে কি? তার মতে, এখন যদি গণভোট করা হয়, সেটি নির্বাচনের সময় পেছানোর প্রয়াস হিসেবে দেখা হবে।
সালাহউদ্দিন আহমদ জুলাই সনদের সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, সেটিই থাক। এখন আমাদের আলোচনা হচ্ছে কিভাবে তা বাস্তবায়ন করা যাবে। নোট অব ডিসেন্ট যেভাবে দিয়েছি, তা অঙ্গীকারনামায় অন্তর্ভুক্ত থাকতে হবে। মানুষ জুলাই সনদে রায় দিলেও নোট অব ডিসেন্ট থাকবে।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে তারা ধারণ করছেন এবং তা পূরণে সচেষ্ট থাকবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “অনেকে জুলাই ঘোষণাপত্রের সঙ্গে স্বাধীনতার ঘোষণাপত্র মিলাতে চাইছেন। এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রকে ছোট করার চেষ্টা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ