প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ AM

নতুন বল হাতে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই বেশ খরুচে বোলিং করেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাতে ভালো সূচনা পায় আফগানিস্তান। তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিবের দারুণ বোলিংয়ে।
ইনিংসের দশম ওভারে তানভির ইসলামের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ করতে ব্যর্থ হন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। সুযোগটি কাজে লাগিয়ে সহজ স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। ২৩ রান করে ফেরেন ইব্রাহিম, ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি।
তিন নম্বরে নেমে ব্যর্থ হন সেদিকুল্লাহ অটলও। তানজিম সাকিবের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। ১৫ বল খেলে মাত্র ৫ রানেই ফিরতে হয় এই ব্যাটারকে।
৫৮ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে রহমত শাহ ও গুরবাজের জুটিতে আবারও চাপে পড়ে টাইগাররা। এই জুটি মিলে দলের সংগ্রহ এগিয়ে নেন ১৩৬ রানে।
শেষ পর্যন্ত ৩১তম ওভারে সেই জুটি ভাঙেন তানজিম সাকিব। ৫০ রান করা রহমত শাহ শর্ট মিডউইকেটে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন। পরের ওভারেই আক্রমণে এসে গুরবাজকে বোল্ড করেন মিরাজ—ওভারের প্রথম বলেই। ৫০ রান করা এই ওপেনারের উইকেট নিয়ে দুই বলে দুই সেট ব্যাটারকে ফেরায় বাংলাদেশ।
৩৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৬ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ৮৬ রান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ