জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি খবর ছড়িয়েছে যে, ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছে দক্ষিণী এই অভিনেত্রীকে।
তবে, গুঞ্জনটি ছড়ানোর পরই মুখ খুললেন রাশমিকা; স্পষ্ট করলেন বিষয়টি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছেন, “ইন্ডাস্ট্রির সঙ্গে আমার সম্পর্কে ছড়ানো খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।”
বাইরের মানুষ জানে না ভেতরে কী চলছে উল্লেখ করে রাশমিকা বলেন, “আমরা সব সময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না। তাই অনেকে যা বলেন, তা সব সময় সত্য নয়। তবে পেশাগত সমালোচনা আমরা শুনি এবং নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই।”
গত কয়েক বছরে তিনি হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে রাশমিকা কন্নড় ছবিতে কাজ না করার কারণে কর্ণাটকে তাকে ‘ব্যান’ করা হয়েছে, এমন গুঞ্জন আরও জোরালো হয়।
তবে এই বিষয়ে রাশমিকার ভাষ্য, “আমাকে কেউ ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি। এসব শুধু ভুল বোঝাবুঝি।”
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেও আলোচনায় রাশমিকা। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। গত ৩ অক্টোবর বিজয়ের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাশমিকা তার অভিনয় জীবন শুরু করেন কন্নড় ছবির হাত ধরে। তারপর তিনি পুরো ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এদিকে গুঞ্জন ছড়ানোর পর রাশমিকার এমন বক্তব্যের পর বেশ উচ্ছ্বাসিত দেখা যায় তার ভক্ত এবং শুভাকাক্ষীদের। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভকামনা জানিয়ে পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।