প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার বুধবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পরিদর্শন করেছেন। এ সময় তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন-এর নেতৃত্বে অন্যান্য ম্যাজিস্ট্রেটদের ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত গ্রহণ করেন।
বিচারপতি মহোদয় আদালতের সম্মুখ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে আদালতের সকল কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। একই দিন কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টারও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ রিপতি কুমার বিশ্বাসসহ অন্যান্য বিচারক উপস্থিত ছিলেন।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার উদ্বোধনী বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে লার্নিং সেন্টার থেকে দক্ষ কর্মচারী তৈরি করার ওপর জোর দেন। তিনি এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। লার্নিং সেন্টার উদ্বোধনের পর আদালতের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় সকল বিচারকের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে আদালতের পরিদর্শন নোট গ্রহণের মাধ্যমে সার্বিক পরিদর্শন সম্পন্ন হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ন্যায়বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়।
স্বদেশ প্রতিদিন / শাহো