প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে রাতুল তালুকদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের মাঠে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার নেওয়ার সময় স্থানীয়রা রাতুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান, শামসুল হক খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় প্রতারক রাতুল তালুকদারের। পরে কৌশলে শিক্ষার্থীর মোবাইল হ্যাক করে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর শিক্ষার্থীর ছবি ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রাতুল।
নিজের সম্মান রক্ষায় শিক্ষার্থী পরিবারকে না জানিয়ে মায়ের স্বর্ণালংকার রাতুলের হাতে তুলে দেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী পুরো ঘটনাটি জানালে রাতুলকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল স্বীকার করে জানায়, সে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তার মোবাইল ফোনে একাধিক মেয়ের অশ্লীল ছবি পাওয়া গেছে, যা দিয়ে তারা ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে রাতুল তালুকদারকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন / শাহো