প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:২৭ পিএম

ফাইল ছবি
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় শহর বিএনপির সহসভাপতি আলমগীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল।
শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল ও সাধারণ সম্পাদক আলহাজ ফারুক উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর শহরের আরশিনগর সিএনজি টেম্পু স্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনা ঘটে।
নোটিশে বলা হয়েছে, “আপনি সিএনজি স্ট্যান্ডের ইজারাদার ও শ্রমিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, পাশাপাশি শহর বিএনপির সহসভাপতি। এই হামলার ঘটনায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। আপনি এই দায় এড়াতে পারেন না। তাই ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হলো, নতুবা একতরফা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিষয়টি নিশ্চিত করে শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আলমগীরের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্তের পর যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত শনিবার রাতে এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ দল শহরে টহল দিচ্ছিল। এসময় আরশিনগর এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে শহর বিএনপি নেতা আলমগীর হোসেনের নির্দেশে একদল লোক পুলিশকে বাধা দেয় এবং এএসপির ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শহর ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হলেও চার দিনেও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্বদেশ প্রতিদিন/শাহো