কিশোরগঞ্জে একজন বিকাশকর্মী কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো তৎপরতা না পেয়ে মানববন্ধন করেছে পরিবারসহ এলাকাবাসী।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল চত্বরে পরিবারের লোকজনসহ মানববন্ধন করেন এলাকাবাসী।
এর আগে গত ৫ অক্টোবর কর্মরত অবস্থায় নিখোঁজ হয় সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা মো. জসীম উদ্দিনের ছেলে বিকাশকর্মী মো. ওমর ফারুক (৩১)। নিখোঁজের ৪ দিন পার হয়ে গেলেও মিলেনি তার কোনো সন্ধান!
নিখোঁজ মো. ওমর ফারুকের মেয়ে ফারজানা বলেন, “আব্বুকে বলেছিলাম মজা আনতে কিন্তু আব্বু মজা নিয়ে আর আসেনি। আপনারা আব্বুকে ফিরিয়ে আনেন।”
মানববন্ধন কর্মসূচিতে নিখোঁজ হওয়া ব্যক্তির ছোট ভাই মো. মোশাররফ হোসেন রনি বলেন, “আমার ভাইকে অপহরণ করা হয়েছে। পুলিশ থানায় মামলা নিতে তালবাহানা করছেন।” পূর্ব শত্রুতার জেরে অপহরণ করতে পারে বলে মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নিখোঁজ ব্যক্তি স্ত্রী ফাহমিদা বলেন, “আমার স্বামী অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসে কিন্তু সেদিন যে গেল আর আসেনি, আমাকে কিছু বলেও যায়নি।”
বিকাশ ডিস্ট্রিবিউটর এহতেশামুল হুদা মুনাব্বী বলেন, “সে আমাদের কর্মী। অফিস থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে বের হয়। এরপর থেকেই আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। পুলিশ আমাদের কাছে তদন্তে এসেছিলো আমরা তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করছি।”
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ওমর ফারুক বিকাশে চাকরি করতো। তিনি রেলস্টেশন এলাকা থেকে পৌনে ৫ লাখ টাকা উঠান। তারপর থেকে ফারুকের ফোনটি বন্ধ পাওয়া যায়। ওমর ফারুকের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”