প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:০৬ পিএম

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, এখনো বেশ কয়েকজন যাত্রী মাটির নিচে আটকে আছেন। চলছে উদ্ধার অভিযান।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিলাসপুর জেলার বাল্লু ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতাক থেকে হিমাচলের ঘুমারুইন যাচ্ছিল। এ সময় পাহাড় থেকে হঠাৎ করে প্রচুর কাদা, পাথর ও মাটি ধসে পড়ে বাসটির ওপর।
দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, জেসিবি দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে এবং বেশ কয়েকজন আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি ওই ভিডিওতে ক্ষতিগ্রস্ত ওই যাত্রীবাহী বাসের ভাঙা অংশও ধরা পড়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই দুর্ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি এবং উদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম