প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ পিএম

আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) এবং বাংলাদেশ ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে কিছু ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ চালু হয়েছে, যেখানে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ওয়েবসাইট বা অ্যাপগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিংবা আইএমএফ-এর কোনো সম্পর্ক নেই।
জনসাধারণকে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর মাধ্যমে জনসাধারণ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন বা বিভিন্ন আইনগত ঝুঁকিতে পড়তে পারেন। এ জন্য এসব ওয়েবসাইট বা অ্যাপসে নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ কোনো তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নাম কিংবা লোগো ব্যবহার করে https://dbbloan.com, https://bblloan.com ও https://www.bdloan71.com নামে ঋণ দেওয়া-সংক্রান্ত ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট চালানো হচ্ছে। যার সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এসব অ্যাপ ও ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বরের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে জনসাধারণ আর্থিক প্রতারণার শিকার হতে পারে বা বিভিন্ন আইনগত ঝুঁকিতে পড়তে পারেন। আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকি এড়ানোর লক্ষ্যে সবাইকে এ–জাতীয় ভুয়া অ্যাপ ও ওয়েবসাইটে যেকোনো ধরনের সংবেদনশীল তথ্য দেওয়া ও আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম