প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:৩২ পিএম

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনা তৈরির অভিযোগে দুটি কারখানার (ভাটা) সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই অভিযানে এক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বাউশিয়া, বালুয়াকান্দি ও টেংগারচর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
সূত্র জানায়, বালুয়াকান্দির মিয়ামী রেস্টুরেন্টের বিপরীতে অবস্থিত একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইভাবে বাউশিয়া মানা-বে ওয়াটার পার্কের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আরেকটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এস্কেভেটরের মাধ্যমে কারখানার অবকাঠামো ধ্বংস করা হয়। এছাড়া, ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকার ‘খুলনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি রেস্টুরেন্টকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে ব্যবসা পরিচালনার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, ‘দিনব্যাপী অভিযানে দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
তিতাস গ্যাস সোনারগাঁ-মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘গত কয়েক মাস ধরে সোনারগাঁ ও গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।’
অভিযানে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সহায়তা প্রদান করে।
উল্লেখ্য, আজকের অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা দুটি চুনা কারখানা একই চক্রের নিয়ন্ত্রণে পরিচালিত। গত তিন মাসে ওই কারখানাগুলো কমপক্ষে পাঁচবার ধ্বংস করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গজারিয়ার বিভিন্ন এলাকায় একইভাবে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে প্রতি মাসে কোটি টাকার গ্যাস অপচয় করছে এই সিন্ডিকেট। এছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় অধিকাংশ হাইওয়ে রেস্টুরেন্টে গ্যাস চোরাই সংযোগ ব্যবহার করার অভিযোগও রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর