প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:০৯ পিএম

সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন সামনে রেখে ৮টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল এবং সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।
আগামী বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এর আগে গত সোমবার ৮টি পদের জন্য ২১টি মনোনয়নপত্র ক্রয় করা হয়।
নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার, ১৯ অক্টোবর, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মাধ্যমে। ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর শুরু হবে ভোট গণনা এবং এরপরই ঘোষণা করা হবে ফলাফল।
যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হলেন, সভাপতি পদে আকরামুজ্জামান, এম আইউব ও এস এম সোহেল, সহ-সভাপতি পদে বিএম আসাদ, রফিকুল ইসলাম ও কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু ও এম এ আর মশিউর, দফতর সম্পাদক পদে শেখ জালাল উদ্দিন ও কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ও তরিকুল ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন এবং কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ও এম এ রহমান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে