প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুর চর বাজারে তিন মাস ধরে বিদ্যুৎ সংযোগ না থাকলেও এক দোকানদারের নামে সাড়ে তিন হাজার টাকার বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, জুন মাসে বিল বকেয়া থাকায় তাঁর দোকানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ অফিস। পরে জুলাই ও আগস্ট মাসের জন্য ৫০০ টাকা পরিশোধ করলেও, সেপ্টেম্বর মাসে হঠাৎ করে ৩,৫০০ টাকার বিল হাতে পান তিনি। অথচ সংযোগবিহীন মিটারে ৬০ ইউনিট ব্যবহারের তথ্য উল্লেখ রয়েছে বিলটিতে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিটার আছে, কিন্তু সংযোগ নেই। তারপরও বিল দিতে হচ্ছে। আমরা এ কোন
দেশে বাস করছি ?”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিসের কর্মীরা ইচ্ছেমতো বিল তৈরি করে গ্রাহকদের হয়রানি করছে। ঘন ঘন লোডশেডিং, ভুয়া রিডিং, লো-ভোল্টেজে হাই-ভোল্টেজের বিলসহ নানা অনিয়ম চলছে এলাকায়।
বিল বিতরণকারী কর্মীও স্বীকার করেন যে সাইফুলের দোকানে কোনো সংযোগ নেই, তিনি শুধু অফিস থেকে পাঠানো বিলটি পৌঁছে দিয়েছেন।
রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। দোকান মালিক সরাসরি যোগাযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ