প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৮:৪০ PM

প্যালেস্টাইনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য পাঠানো ত্রাণবাহী গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলা জাহাজসমূহ আটক এবং মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইলের আগ্রাসন ও মানবতাবিরোধী কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে অস্থিরতা সৃষ্টি করছে। মানবিক সহায়তা বহনকারী জাহাজে হামলা এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটকের মাধ্যমে ইসরাইল বিশ্ব মানবতার ওপর আঘাত হেনেছে। বক্তারা অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি এবং গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণ সরবরাহের পথ উন্মুক্ত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “এখন সময় বিশ্ববাসীকে মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। প্যালেস্টাইনের জনগণ যেন ন্যূনতম মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
দীপঙ্কর দাস রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হারুন অর রশীদ, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, চঞ্চল সরকার, প্রগতিশীল রাজনৈতিক নেতা জিল্লুর রহমান ভিটু, খবির শিকদার প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে