প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:১৮ পিএম

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ -এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলকুড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে শতাধিক প্রবীণ নাগরিককে ফুল দিয়ে বরণ করে নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবীর, প্রবীণ প্রতিনিধি সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান প্রমুখ।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ তার বক্তব্যে বলেন, ‘পরিবারে প্রবীণদের ভূমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরেই পৃথিবীতে এসেছি। প্রবীণরা যেন অবহেলিত না হন, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। কারণ একদিন আমরাও প্রবীণ হবো।’
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, প্রবীণ নাগরিক ও সমাজসেবাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম