‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে ভোলায়।
সোমবার (৬ অক্টোবর) গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে সকাল ১০টায় জিজেইউএস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন মুলাদি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক (হিসাব ও অর্থ) মো. মোস্তফা কামাল।
বক্তারা বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।