প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৯ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৩:৫৬ PM

কুমিল্লার বুড়িচং উপজেলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশি ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল বেলায় বুড়িচং বসুন্ধরা মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীদের অবিলম্বে ছাটাই ও দক্ষ, মেধাবী কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয়।
মানববন্ধনটির সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহমদ, আর সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশি পরিষদ বুড়িচং উপজেলা সভাপতি হাফেজ মাসুদ মৈশান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু একদল অসাধু ব্যক্তি, বিশেষ করে কুখ্যাত ব্যবসায়ী এস আলম ব্যাংকটিকে দখল করে গ্রাহকদের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।”
বক্তারা আরও জানান, ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই এস আলম তার নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ার কয়েক হাজার অদক্ষ কর্মী নিয়োগ দিয়েছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। তারা বর্তমান সরকারের প্রতি দাবি জানান, অবিলম্বে এসব অদক্ষ কর্মী ছাটাই করে নতুন সার্কুলারের মাধ্যমে দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং অবৈধভাবে পাচারকৃত টাকা ফেরত এনে গ্রাহকদের বুঝিয়ে দিতে হবে।
মানববন্ধনে উপস্থিতরা অবৈধ নিয়োগ বাতিল ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রতি জোর দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে