প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৪১ পিএম

কুমিল্লার তিতাসে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় মো: দেলোয়ার হোসেন (৫৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা বাতাকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন উপজেলা জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের টুক্কু মিয়া ওরফে খালেক ভূঁইয়ার ছেলে। সে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৫ আগস্ট গৌরিপুর টু হোমনা সড়কের তিতাস উপজেলার অংশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন করে। ওই আন্দোলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ এবং হামলা করার অভিযোগে দায়ের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম