প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:২৩ AM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মোছা. আজেনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজেনা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা (দকিদার মোড়) গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আজেনা বেগমের একটি ছাগলছানা অসুস্থ হয়ে পড়লে গত ৩০ সেপ্টেম্বর সেটিকে জবাই করেন তিনি। জবাইয়ের সময় ছাগলের হাড় তার হাতের একটি আঙুলে লাগে এবং ক্ষত তৈরি হয়।
প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মৃত্যুর আগে প্রাথমিক চিকিৎসা প্রদানকারী পল্লী চিকিৎসক মো. আশরাফুল ইসলাম, যিনি আজেনার ভাতিজা।
তিনি বলেন, “প্রথমবার তার হাতে কালো ফোঁসকা ছিল, যেটা দেখে আমি অ্যানথ্রাক্সের সম্ভাবনা সন্দেহ করি। দ্বিতীয়বার আসার পর ফোঁসকা না থাকলেও হাতের জায়গাটা লাল ছিল। আমি তখনও তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, “রোগীটি আমাদের হাসপাতালে খুব খারাপ অবস্থায় এসেছিলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।”
তিনি আরও বলেন, “অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিলেন কি না, তা ল্যাব পরীক্ষার রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে রোগীর ইতিহাস এবং লক্ষণ দেখে মনে হয়েছে, অ্যানথ্রাক্সের উপসর্গ বিদ্যমান ছিল। পাশাপাশি রোগীর রক্তচাপ ছিল খুবই কম এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে