প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:১৭ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারীর বিচারের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার (SWC) থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা এসময় “কোরআন অবমাননার বিচার চাই”, “ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি চাই” ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, “প্রতিবার কোরআন অবমাননা ঘটলেও দোষীরা আইনের ফাঁক গলে রক্ষা পেয়ে যায়। প্রচলিত আইনে ইচ্ছাকৃত পবিত্র কোরআন অবমাননাকারীদের সর্বোচ্চ ১০ বছরের সাজা থাকলেও, আমাদের দাবি—এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এক শ্রেণির মানুষ এখন অবমাননাকারীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে চালানোর চেষ্টা করছে, যা আসলে বিচার থেকে বাঁচানোর কৌশল। আমরা ন্যায্য বিচার চাই।”
অন্য শিক্ষার্থীরাও জানান, তথাকথিত “মানসিক ভারসাম্যহীন” ব্যক্তিরা কখনোই অন্য ধর্মের গ্রন্থ অবমাননা করে না, বরং বারবার মুসলমানদের পবিত্র কোরআনকেই লক্ষ্যবস্তু করছে। তারা এসব অজুহাতকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মারধর করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে