প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:২৩ AM

সংগৃহীত ছবি
নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর বাজার এখন বিলাতি ধনেপাতার জমজমাট হাট। সকাল ১১টা থেকেই বাজারের চারপাশ ভরে ওঠে ধনেপাতার বস্তায়, বাতাসে ভেসে বেড়ায় তাজা পাতার সুবাস।
বাংলাদেশের সবচেয়ে বড় বিলাতি ধনেপাতার বাজার হিসেবে খ্যাত এ বটেশ্বর হাটে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বড় আকারে বেচাকেনা হয়। তবে প্রতিদিনই এখানে ট্রাকভর্তি ধনেপাতা কেনাবেচা চলছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে আসেন।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিদিন এ বাজারে লেনদেন হয় প্রায় ৫–৭ লাখ টাকা। হবিগঞ্জের পাইকার জসিম উদ্দিন জানান, প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকার ধনেপাতা কিনি। পাইকারি দরে প্রতি কেজি ১০০–১৫০ টাকা।
বেলাব, শিবপুর ও মনোহরদী এলাকায় উৎপাদিত ধনেপাতার স্বাদ ও গুণমান ভালো হওয়ায় এর চাহিদা বেশি। কৃষক দুলাল মিয়া বলেন, ৮–১০ শতাংশ জমিতে ধনেপাতা করে খরচ হয়েছে ১৫–২০ হাজার টাকা, বিক্রি করেছি ৮০–৯০ হাজার টাকার ধনেপাতা। বেকার যুবকরা চাইলে এ চাষ করে স্বাবলম্বী হতে পারে।
বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী জানান, উপজেলায় প্রায় ৫৫ হেক্টর জমিতে বিলাতি ধনেপাতা হচ্ছে। অনাবাদি জমি ও ফলবাগানেও চাষ বাড়ছে। তাঁর ভাষায়, এক বিঘা জমি থেকে কমপক্ষে ৩–৪ লাখ টাকার ধনেপাতা বিক্রি সম্ভব।
স্বদেশ প্রতিদিন/শাহো