প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:৩৬ AM

গাজীপুরে আধা ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এবং তার পরবর্তী সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায়, যেখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে চালক ও আরোহী দুজনই মারা যান।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
এর আধা ঘণ্টা পর গাজীপুর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান, এবং চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘রাজেন্দ্রপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ধান গবেষণা ইনস্টিটিউট এলাকাতেও একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম