
ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মমারিজপুর উচ্চ বিদ্যালয় তার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজনে। শনিবার (৪ অক্টোবর) আয়োজিত এ উৎসব পরিণত হয় নবীন ও প্রবীণদের এক হৃদয়ছোঁয়া মিলনমেলায়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা সাজানো হয় রঙিন সাজে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ এবং ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সঞ্চালনায় ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল হক আরমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, মমারিজপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহিম, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মাঈন উদ্দিন খাজু ও যুগ্ম সদস্য সচিব আবদুল কাইয়ুম দুলাল প্রমুখ।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটা, বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং দাতা সম্মাননা, প্রাক্তন সদস্যদের শিক্ষার্থীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ফোক শিল্পী সুকুমার বাউল গান পরিবেশন করবে।
অনুষ্ঠানে আগত ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী নুরুল আফসার বলেন, ‘আজকের এই মিলন মেলা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। যাদের সাথে একসাথে পড়ালেখা করেছিলাম তাদের সাথে আবার একসাথে দেখা হবে এটা আসলে ভাবনার অতীত ছিলো। অনেকদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দময় সময় পার করেছি। এই স্মৃতি আজীবন মনের মনিকোঠায় জেগে থাকবে।’
স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা নোভা বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আগের আমাদের বড় ভাই-বোনদের একসাথে দেখে আমরা তাদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজকের শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধাকে সঠিক ভাবে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত থাকতে হবে। অনলাইনে আসক্ত না হয়ে মেধা অর্জনের মাধ্যমে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। কোয়ালিটি এডুকেশন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।’
এরআগে, শুক্রবার বিদ্যালয়টির প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম