প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ AM

খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এই আদেশ কার্যকর হবে।
শনিবার (৪ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুসারে পৌর এলাকা ও সদর উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এদিকে, একই রাতে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার স্বাক্ষরিত অপর এক আদেশে জানানো হয়, ৫ অক্টোবর ভোর ৬টা থেকে গুইমারা উপজেলাতেও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ‘জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হয়। এই অবরোধ চলাকালে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। ফলে একই দিন খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং পরে গুইমারা উপজেলা প্রশাসন পৃথকভাবে ১৪৪ ধারা জারি করে।
বর্তমানে পরিস্থিতি শান্ত হওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে আসে।
স্বদেশ প্রতিদিন/এমএম