প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ পিএম

কুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরানকে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় জাসাস নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বহিষ্কৃত ওই জাসাস নেতা হলেন মো. সোহেল মুন্সি, তিনি তিতাস উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস. এম. মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কার নোটিশে বলা হয়, সম্প্রতি সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে হুমকি এবং সংগঠনের নাম ব্যবহার করে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অডিও রেকর্ড ভাইরাল হয়।
ওই ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণেও প্রকাশিত হয়। বিষয়টি কুমিল্লা উত্তর জেলা জাসাস আহ্বায়ক কমিটির দৃষ্টিগোচর হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মো. সোহেল মুন্সিকে সংগঠনের সব পদ ও কার্যক্রম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
কুমিল্লা উত্তর জেলা জাসাস আহ্বায়ক মো. কামাল পারভেজ ডালিম বলেন, “বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে সদস্য সচিব এস. এম. মিজানুর রহমানের সঙ্গে পরামর্শ করে সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “এর আগেও সোহেলের বিরুদ্ধে অভিযোগ ছিল। তখন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সে তখন ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পুনরায় একই ধরনের আচরণ করায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এমন নেতার জাসাসে কোনো জায়গা নেই।”
ডালিম আরও বলেন, “সংগঠনের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। কেউ সংগঠনের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করবেন। আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”
স্বদেশ প্রতিদিন/এনআর