প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:২৬ পিএম

ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘কুমিরকে সর্দির ভয় দেখাবেন না।’
তিনি বলেন, ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর থেকে আমরা নানা ভয়ভীতি, হুমকি ও হামলার মুখে পড়েছি। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই—কুমির তো পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কী?
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বাঞ্ছারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমন।
চরমোনাই পীর আরও বলেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে, তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে। ফলে সারা বিশ্বে দেশ একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছেছিল। এই অনাচারের মূল কারণ হলো—আল্লাহর আইন পরিত্যাগ করে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।
স্বদেশ প্রতিদিন/এনআর