প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:২৩ পিএম

নওগাঁ জেলার তিনটি উপজেলায় শনিবার (৪ অক্টোবর) বিকেলে হঠাৎ করে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা এবং বিদ্যুৎ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেল চারটার পরপরই হঠাৎ করে আকাশে ঘন মেঘ জমে যায় এবং মুহূর্তের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া। এরপর প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর, এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকায়। এসব এলাকায় বহু ঘরবাড়ি ও দোকানের টিনের ছাউনি উড়ে গেছে, অনেক গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বহু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এদিকে, সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় বজ্রাঘাতে মফিজ উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে তিনি নিজ জমিতে কাজ করছিলেন, এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে