প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ৮:১২ PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলামসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলের সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন।
অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে নতুন সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বই তুলে দেওয়া হয়।
জানা গেছে, যোগদানকারীদের মধ্যে একজন পদধারী বিএনপি নেতা, প্রায় ২০ জন বিএনপির কর্মী-সমর্থক এবং বাকিরা ব্যবসায়ী ও সাধারণ জনগণ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও দলটির মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন।
নাইবুল ইসলাম তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি রনচন্ডি ঈদগাঁহ কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
এই যোগদানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তিরনইহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এক ফেসবুক পোস্টে ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “নাইবুল ইসলাম বিএনপির একজন নেতা হলেও, বাকিরা বিএনপির কেউ নন। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জামায়াতে যোগদানের বিষয়ে নাইবুল ইসলাম বলেন, “আমি নব্বই দশক থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু নিজেকে দ্বীনের পথে পরিচালিত করতেই জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কোনো চাপ ছাড়াই নিয়েছি। পদত্যাগপত্র ইতোমধ্যে জমা দিয়েছি।”
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোজাফফর হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইকবাল হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. নাসির উদ্দীন, তেঁতুলিয়া উপজেলা আমির মাওলানা আবদুল হাকিম, উপজেলা সেক্রেটারি মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে