প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর দক্ষিণ পাড়া থেকে আলগী পর্যন্ত সড়কটি ঘাসে ঢেকে গেছে। রাস্তার দুই পাশের ইলশে ঘাস এতটাই বেড়ে উঠেছে যে, অনেক জায়গায় তা রাস্তার মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। ফলে দূর থেকে সড়কটি সহজে চেনা যাচ্ছে না, যানবাহন চালাতে হচ্ছে মারাত্মক ঝুঁকি নিয়ে। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ওই পথে যাওয়ার সময় চন্দনপুর-আলগী সড়কে তার মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সৌভাগ্যক্রমে তিনি তেমন বড় কোনো আঘাত পাননি। তবে এটি সাম্প্রতিক দুর্ঘটনার একটি উদাহরণ মাত্র।
স্থানীয় অটোরিকশা চালক সালাউদ্দিনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, শুধু চন্দনপুর-আলগী সড়ক নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক সড়কই এখন ঘাসে আচ্ছাদিত হয়ে পড়েছে। কোথাও কোথাও ঘাস এতটাই বেড়েছে যে রাস্তাগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে। এতে পথচারী ও চালক উভয়েই বিপাকে পড়ছেন। বিশেষ করে সন্ধ্যার পর দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, “ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন দ্রুত রাস্তাগুলোর পাশের ঘাস পরিষ্কার করা হয়। টানা বৃষ্টির কারণে কিছুটা দেরি হয়েছে, তবে আবহাওয়া অনুকূলে এলেই কাজ শুরু হবে। ঝুঁকিপূর্ণ সড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে