প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:২০ পিএম

নরসিংদীর শিবপুরে ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের শিবপুর উপজেলা শাখার সভাপতি ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক ইসমাঈল ভূঁইয়া এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আল-আমীন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শিশুদের ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এতে করে তারা পেশাগত ও আর্থিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।”
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও বেতন স্কেল উন্নীতকরণসহ অন্যান্য দাবি।
স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ইপিআইসহ (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে টানা কর্মবিরতি চালিয়ে যাবেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে