প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:০৮ পিএম

সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলে দশমিনা-বরিশাল মহাসড়কের পাশে আনোয়ার নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বাউফল ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনা ঘটেছে। রাতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ঘটনাটি প্রকাশ্যে আনে।
হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ (রুবেল) ও তার ভাই রহমান এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আনোয়ার নিজেকে বিএনপির সমর্থক দাবি করে বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরেই হামলা চালানো হয়েছে। তিনি জানান, পারিবারিক মিথ্যা অভিযোগ তুলে তাকে হঠাৎ আক্রমণ করা হয়েছে এবং চিকিৎসা শেষে এ ঘটনায় মামলা করবেন।
অভিযুক্ত জামায়াত সমর্থক রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়; বরং তার স্ত্রীর নামে মিথ্যা অপবাদ রটানোর জেরেই ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করেন, হামলার আগে আনোয়ারই প্রথমে থাপ্পড় মেরে ছিলেন, যা ভিডিওতে ধরা পড়ে নি।
বর্তমানে বাউফল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং বিস্তারিত তথ্যও তাদের কাছে নেই।
স্বদেশ প্রতিদিন/শাহো