প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রি ও তাদের অপতৎপরতা প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক সোয়া পাঁচটায় পৈক্ষারপাড় গ্রামের সেতু-সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পৈক্ষারপাড় গ্রামের বাসিন্দা ও ভবেরচর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফিরোজ প্রধান বলেন, ‘সম্প্রতি আমি ও এলাকাবাসীর উদ্যোগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল গংদের বিরুদ্ধে মাদক প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ করি। এরপর থেকেই এই মাদক চক্রটি ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত। তারা কৌশল ও অবস্থান পরিবর্তন করে এখনও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপরন্তু, মাদক প্রতিরোধে তৎপর এলাকাবাসীদের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে অপতৎপরতা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি এক মহিলার হাঁসের খামারে বিষ প্রয়োগ করে ৫০টি হাঁস মেরে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চালানো হয়েছে। এমনকি ফেসবুকের বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট থেকে আমার বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলমান থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন- ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুমা আক্তার, সাবেক মেম্বার খোকন মিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সমাজসেবক সুরুজ প্রধান, সালেহ আহম্মদ, জাহাঙ্গীর হোসেন, মিজান ফকির, ফয়সাল আহমেদ, তুষার প্রধান ও জুলহাস উদ্দিনসহ শতাধিক গ্রামবাসী।
স্বদেশ প্রতিদিন/এমএম