প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ইউপি সদস্য, স্থানীয় ব্যবসায়ী, সহস্রাধিক সাধারণ মানুষ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেন।
এ সময় বক্তৃতা করেন কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাত আটটার দিকে চিহ্নিত একটি গ্রুপ চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
চেয়ারম্যান দীপ মন্ডল বলেন, “প্রথমে আমার ছোট ভাইকে মারধর করে আহত করা হয়। তাকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল, আরিফসহ কয়েকজন আমার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাতের চেষ্টা করে। রনি পেছন থেকে রড দিয়েও আঘাত করেছে।”
তবে ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের দাবি—হামলায় রনি ও তার বাবা মজিবর রহমানসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। তাদের শরীরে আঘাত থাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। রনির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান পক্ষ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে