প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম

নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের সময় নদীতে নিখোঁজ হওয়া রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পাশে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে। দুর্গাপূজা উপলক্ষে সে ফুফুর বাড়ি মহাদেবপুর উপজেলার কুঞ্জবনে বেড়াতে গিয়েছিল। সেখানে ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমা বিসর্জনের নৌকায় ওঠে। শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে রনি নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায়। প্রথম দিনে তাকে খুঁজে না পাওয়া গেলেও শুক্রবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হয় এবং সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর কিশোর রনির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে