প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম

নান্দাইল উপজেলার সিংরইল থেকে জামতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে নান্দাইল সদরসহ আশপাশের এলাকা থেকে আসা-যাওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
শুক্রবার (৩রা অক্টোবর) স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে ইট ও খোয়া ব্যবহার করে রাস্তার বড় গর্তগুলো পুরিয়ে মেরামত কাজ সম্পন্ন করেন। এই কাজের ফলে সড়কটি আবারও চলাচলের উপযোগী হয়।
রাস্তাটি সংস্কারের কাজে অংশ নেওয়া বইপড়া আন্দোলন নান্দাইলের সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, “বৃষ্টির পানির কারণে সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল। এই সড়কটি নান্দাইল থেকে কিশোরগঞ্জ সদরে যাতায়াতের শর্টকাট হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এখানে চলাচল করে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় যানবাহনের চলাচলে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা স্বেচ্ছাসেবীরা এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছি।”
অন্য একজন স্বেচ্ছাসেবী আশিকুর রহমান রাসেল বলেন, “প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ির সামনের রাস্তার পানি অপসারণের উদ্যোগ নেন, তাহলে বর্ষাকালে সড়ক ও পথগুলো কম ক্ষতিগ্রস্ত হবে।”
কনটেন্ট ক্রিয়েটর রাজিব বলেন, “জমে থাকা পানি সরিয়ে নিলে রাস্তা অনেক দিন টেকসই থাকে। সবাইকে রাস্তাগুলো ঠিক রাখার জন্য সচেতন হওয়ার আহ্বান জানাই।”
রাস্তাটি সংস্কারের কাজে আরও অংশগ্রহণ করেন আশিক মাহমুদ, জসিম, রাসেল, একলাছ, জিহাদ, রফিক, আকিব, রাজিব, ইয়াসিন, রাকিব, নজরুল ইসলাম, জিসানসহ অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে