প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের “KUET Textile Career Talk Show 2025”। আগামী ১২ অক্টোবর বিকেল ৩ টায় কুয়েট অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ টক শো’র তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল জলিল। এছাড়া সক্রিয় ভূমিকা পালন করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের ট্রেজারার ও সহকারী অধ্যাপক এ.কে.এম নায়েব-উল-হাসান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একজন বিশিষ্ট শ্রীলঙ্কান বিশেষজ্ঞ, একজন প্রখ্যাত ভারতীয় বিশেষজ্ঞ, এবং একটি নামকরা যুক্তরাষ্ট্রভিত্তিক বায়িং হাউসের কান্ট্রি হেড। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, টেক্সটাইল বিভাগের শিক্ষক এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন।
আলোচনার মূল বিষয়বস্তু হবে টেকসই উন্নয়ন (Sustainability) এবং গ্র্যাজুয়েট পর্যায়ের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা। এ ছাড়াও থাকছে ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্ব ও ইন্সট্যান্ট সিভি জমা দেওয়ার সুযোগ।
অনুষ্ঠানটি সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং সম্পূর্ণ ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হবে। আয়োজনটির মিডিয়া কাভারেজও থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এমএম