প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম

জুলাই সনদের বাস্তবায়ন করা ও পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়াসহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার জামায়েতে ইসলামীর উদ্যোগে কাঞ্চন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
সমাবেশে কাঞ্চন পৌরসভার আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম, উপজেলা (উত্তর) কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খাঁন প্রমুখ।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫টি দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো:-
১. জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে (আইনি ভিত্তি দিতে হবে) এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
২. পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
৩. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৪. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে।
৫. স্বৈরাচারের দোসরদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্বদেশ প্রতিদিন/এমএম