তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফায় বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়বে বিএনপি: ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে বৈষম্যহীন, আধুনিক, মানবিক এবং ধর্মীয় সম্প্রীতিময় একটি উন্নত রাষ্ট্র।
শুক্রবার দুপুর ২টায় রাজধানীর খিলবাড়িরটেকে জনগণের মাঝে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, ৩১ দফার মাধ্যমে আগামী দিনে সংস্কার হলে যে সংবিধান হবে তা জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। ইনশাআল্লাহ আর কোনো স্বৈরশাসক জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না।
তিনি বলেন, “স্বৈরাচার হাসিনার মতো কেউ আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে মশকরা করতে পারবে না। মানুষের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে বিএনপি ৩১ দফা দাবি উত্থাপন করেছে।
তিনি আরও বলেন, যে দেশ থেকে পিআরের জন্ম হয়েছিল, সেই ইতালি থেকে নেপাল পর্যন্ত সব জায়গায় ব্যর্থ হয়েছে। এখন সেই ব্যর্থ প্রজেক্ট বাংলাদেশে চাপিয়ে দিতে চাইছে কিছু মহল। তাদের কিন্তু আমরা চিনি। তারা একাত্তরের স্বাধীনতাবিরোধীতা করেছে। এদের ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক এই সম্পাদক আরো বলেন, যারা পিআর নিয়ে কথা বলে তারা ইসলামের নামে রাজনীতি করে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামের নামে রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় গেলে ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে মডারেট ইসলামিক দেশ মালয়েশিয়ার মতো তৈরি করা হবে ইনশাল্লাহ।
হিন্দু সম্প্রদায়ের নিরাপদে দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করেছেন পূজামণ্ডপগুলোতে। আগামী দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম সবাই মিলে একটি সুন্দর, সাম্প্রদায়িক সম্প্রীতিময় বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে