প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ AM আপডেট: ০৩.১০.২০২৫ ১১:১২ এএম

ফাইল ছবি
বরগুনার আমতলীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে নিখোঁজ হয়েছেন নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামের এক স্কুলশিক্ষক। ঘটনার পর নাদিমের আট বছরের ছেলে আরহামের দেওয়া আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টে শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে, বাবা! তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে?
আরহাম আরও লেখে- জন্মের পর থেকে আমাকে নিয়ে তুমি কোলে কোলে ঘুরাতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?
নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আরহাম লেখে- আমরা কী খাব, কিভাবে পড়াশোনা করব, তুমি কি একবারও ভাবনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণিসম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এ সময় স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রী নিয়ে উধাও হন তিনি।
স্বদেশ প্রতিদিন/শাহো