প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ AM আপডেট: ০৩.১০.২০২৫ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বৈরী আবহাওয়ার কারণে টানা দুই দিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ভারী বর্ষণে দ্বীপের স্লুইস গেট বন্ধ থাকায় প্রায় দেড় শতাধিক বাড়িঘর পানিবন্দি হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ভাটা শুরু হলে ধীরে ধীরে পানি নামতে থাকে।
সেন্টমার্টিন ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ আলম জানান, টানা বর্ষণের কারণে দ্বীপের পূর্ব, পশ্চিম, মাঝেরপাড়া, নজরুলপাড়া ও কোনাপাড়ায় পানি জমে বহু পরিবার পানিবন্দি হয়। তিনি বলেন, দ্বীপের একমাত্র মূল স্লুইস গেট ও পাঁচটি কালভার্ট সংস্কার না হওয়ায় পানি দ্রুত সাগরে নামতে পারে না। এ কারণে ভারী বৃষ্টি বা জোয়ারের পানির ধাক্কায় দ্বীপে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্লুইস গেট ও কালভার্টগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ১ অক্টোবর থেকে নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, আবহাওয়া অনুকূলে এলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল পুনরায় চালু করা হবে। ভারী বর্ষণে দ্বীপের কিছু এলাকায় পানি জমে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ভাটার কারণে পানি নামতে শুরু করেছে, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো