প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:২২ AM

প্রতীকী ছবি
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন পরিচালনা বিধিমালার আওতায় অবশিষ্ট ৫০টি প্রতীক থেকে একটি বাছাই করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির পক্ষ থেকে মত জানালে কমিশনের সভায় প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেন, “এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তবে আমরা কোনো মামলা করব না।” এর পর এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “দলটির প্রতীক নিয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে। কে কী বলছে তা নয়, কমিশনের বিবেচনাই চূড়ান্ত।”
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “নাগরিক ঐক্য প্রথমে শাপলা প্রতীক চেয়েছিল, তখন দেওয়া হয়নি। তখন আলোচনা হয়নি। এখন কেন এনসিপিকে নিয়ে আলোচনা হচ্ছে?”
এনসিপি শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক চেয়ে আবেদন করলেও বিধিমালায় এ প্রতীক না থাকায় কমিশন তা অনুমোদন দেয়নি। পরিবর্তে অবশিষ্ট থাকা ৫০টি প্রতীক থেকে বাছাই করতে তাদের চিঠি দেওয়া হয়েছে।
এদিকে ইতোমধ্যে এনসিপিসহ দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। পাশাপাশি আরও ১৩টি দলের নিবন্ধন আবেদন পর্যালোচনাধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো