প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:২১ AM

ঢাকার নবাবগঞ্জ উপজেলার জামায়াত ইসলামের নেতা ও আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “আমি স্থানীয় একটি হাসপাতালে সামান্য একটি চাকরি করি। আমার মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ২৩ সেপ্টেম্বর মাদরাসার প্রিন্সিপাল আমার মেয়েকে অফিস রুমে ডেকে যৌন হয়রানির চেষ্টা করেন এবং কাউকে কিছু বললে ছুরি দিয়ে হত্যার হুমকি দেন। ভয়ে আমার মেয়ে কিছু বলতে পারে না।”
তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর মাদরাসা থেকে ফোন আসে যে তার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। মাদরাসায় গিয়ে তিনি জানতে পারেন, এক সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনা সঠিক। বর্তমানে তার মেয়ে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি বলেন, “অভিযুক্ত প্রিন্সিপালকে দ্রুত পদচ্যুত করতে হবে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অপরাধীকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে আমার মেয়ের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।”
অভিযুক্ত প্রিন্সিপাল মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা ঘটনা রচনা করা হয়েছে। আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি পরিকল্পিত কাণ্ড।” নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ঘটনাটির সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ