প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে জাকের পার্টি যুব ফ্রন্ট আয়োজিত জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ২টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা জাকের পার্টির সভাপতি মো. নুরুজ্জামান সরদার।
জনসভাকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে জাকের পার্টি, যুব ফ্রন্ট ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে অংশ নিতে শুরু করেন। এর আগে রৌমারী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন জাকের পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. সাহেব আলী, যুব ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান তাজ, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মো. শিমুল মিয়া, মৎস্য ফ্রন্টের জেলা সভাপতি আতাউর রহমান আতা, যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলাজুড়ে ধারাবাহিকভাবে জনসভা করে সাধারণ মানুষের মাঝে জাকের পার্টির দর্শন ও কর্মসূচি তুলে ধরা হচ্ছে এবং এতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে