প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ যোহর নিজ গ্রামের দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
দাফনের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করেন এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন ইউএনও নিজেই।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে