প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:১৭ AM

দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’ বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’র তুলনায় একটু ধীরগতিতে শুরু হলেও মুক্তির ছয় দিনের মাথায় ছবিটি মোট আয় ছাড়িয়েছে ৩.৭ কোটি টাকা, যা চলতি বছরের বাংলা সিনেমার জন্য উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকরা।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একক দিনে প্রায় ৯১ লাখ টাকা আয় করে ‘রঘু ডাকাত’ দিনের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমার শীর্ষে উঠে আসে। এর আগের দিন সোমবারের তুলনায় আয় ৭ লাখ টাকা বেশি হয়েছে। একই সময়ে ‘রক্তবীজ ২’ ছবিও ভালো পারফর্ম করেছে, ষষ্ঠ দিনে এর আয় দাঁড়িয়েছে ৫৬ লাখ টাকা এবং মোট আয় পৌঁছেছে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকায়।
প্রথম সপ্তাহে চারটি বাংলা ছবি একসাথে মুক্তি পেয়েছে—‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘রক্তবীজ ২’ এবং অনীক দত্তর ‘যত কাণ্ড’। তবে প্রথম সপ্তাহের পারফরম্যান্স অনুযায়ী সুস্পষ্ট বিজয়ী হিসেবে দেখা যাচ্ছে ‘রঘু ডাকাত’। ছবিটির প্রথম ছয় দিনের আয় ক্রমানুসারে: বৃহস্পতিবার ৪৫ লাখ, শুক্রবার ৩৭ লাখ, শনিবার ৫০ লাখ, রোববার ৬৩ লাখ, সোমবার ৮৪ লাখ এবং মঙ্গলবার ৯১ লাখ টাকা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ